জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জৎজজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে যারা খুন করেছে, সেই আওয়ামী লীগের অংশগ্রহণে আগামীতে কোনো নির্বাচন হবে না। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় দল হিসেবে তাদের বিচার হতে হবে এবং নিষিদ্ধও হতে হবে।”
তিনি আরও বলেন, “ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কিংবা ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে কেউ ক্ষমতায় আসতে বা রাজনীতি করতে পারবে না। পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করে না। ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের অধ্যায় চিরতরে বন্ধ করেছে।”
অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, “নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটাই সরকারের ব্যর্থতা, আর সেই চিত্র এখন সারাদেশেই স্পষ্ট।”
এনসিপির সুনামগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশান হক ও প্রীতম দাস। জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের এনসিপি নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
daliykalerbangladesh