সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ৩৯নং ওয়ার্ড নিউমুরিং গোলাম হোসেন মালুম সড়কে ৬ মাস ধরে ওয়াসার প্রধান পাইপলাইনের পানি রাস্তা ফেটে উপচে পড়ছে। হাজার হাজার লিটার পানি প্রতিদিনই অপচয় হচ্ছে, অথচ সমাধানে দেখেও যেনো না দেখার ভান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, এ দীর্ঘ সময় ধরে ওয়াসার কর্মকর্তারা অন্তত ১০ বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেননি। মহল্লা কমিটির সর্দার হাজি সুলতান নাসির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের রাস্তা এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিশাল গর্তের কারণে প্রায়ই মোটরসাইকেল ও রিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে।’ এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন জানান, পাইপ ফাটার কারণে শুধু একটি নয়, পুরো রাস্তাজুড়ে অন্তত পাঁচটি স্থানে পানি বের হচ্ছে। কোথাও স্থানীয়রা গর্তে লাল কাপড় বেঁধে সতর্কতা দিয়েছেন, কোথাও আবার ইট–পাথর ফেলে দুর্ঘটনা ঠেকানোর চেষ্টা চলছে। আমরা নিজেদের মতো করে গর্ত ভরাট করছি, কিন্তু এটা তো স্থায়ী সমাধান নয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাস্তায় ফেটে যাওয়া পাইপের পানি ছড়িয়ে পড়ছে চারপাশে। চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টির দিনে অবস্থা আরও ভয়াবহ হয় পড়ে বলে জানান স্থানীয়রা।এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. খালেক দৈনিক কালের বাংলাদেশ কে বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নাই। আমি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।
তবে স্থানীয়দের দাবি, এই ব্যবস্থা নেওয়ার কথা তারা মাসের পর মাস শুনছেন, কিন্তু কাজের অগ্রগতি শূন্য। ফলে অপচয় হচ্ছে সরকারি পানি, আর ভোগান্তি পোহাচ্ছেন হাজারো পথচারী ও যানবাহনচালক।
daliykalerbangladesh