ঢাকা | বঙ্গাব্দ

ভাষাসংগ্রামী আহমদ রফিক হাসপাতালে ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
আহমদ রফিক। ফাইল ছবি ছবির ক্যাপশন: আহমদ রফিক। ফাইল ছবি
ad728

নিজস্ব প্রতিবেদক, কালের বাংলাদেশ

ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তার ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক মো. কালাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ৯৬ বছর বয়সী এই বরেণ্য ভাষাসংগ্রামী বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মেরুদণ্ডে চিড়সহ বেশ কিছু সমস্যা থাকায় চলাফেরাতেও বেশ অক্ষম হয়ে পড়েছেন।

সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানিয়েছেন, ভর্তির পরপরই আহমদ রফিককে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। তার রক্তচাপ ও হৃদস্পন্দন কিছুটা বেশি এবং শরীর অত্যন্ত দুর্বল বলেও জানান তিনি।

ডা. ফারুক বলেন, “ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা থেকেই এমন দুর্বলতা দেখা দিতে পারে। বর্তমানে তিনি অধ্যাপক ডা. নূর মোহাম্মদ এবং অধ্যাপক ডা. সোহরাব উজ জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।”

ভাষা আন্দোলনের পুরোধা, গবেষণায় অসামান্য অবদান

প্রসঙ্গত, আহমদ রফিক বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে তার গভীর গবেষণা ও প্রবন্ধ-নিবন্ধ বাংলা ভাষা ও ইতিহাসে অসামান্য অবদান রেখেছে।

দেশজুড়ে বিভিন্ন মহলে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স