
ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, জোর করে তাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়ানো চেষ্টা বিরক্তিকর এবং তার পক্ষে গ্রহণযোগ্য নয়।
ফারিয়া লিখেছেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও করতে পারে। তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না। আমি কোনো রাজনৈতিক চরিত্র নই।”
শিল্পী হিসেবে নিজের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি জানিয়েছেন, “ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার মঞ্চ নয়। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলা আমার নীতিতে পড়ে।”
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ফারিয়া বলেন, “আমি এখন খুব কঠিন ও সংকটপূর্ণ সময় পার করছি। অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা কখনোই ছিল না। আল্লাহর দোহাই লাগে, দয়া করে অন্য কাউকে অহেতুক বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অভ্যাস ত্যাগ করুন।”
শবনম ফারিয়ার এই বক্তব্যে দেখা যায়, তিনি রাজনৈতিক বিতর্কের বাইরে থেকে নিজের সামাজিক ভূমিকা ও ব্যক্তিগত অবস্থান সুস্পষ্ট করতে চেয়েছেন।