
কালের বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দুয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট থাকলেও ৮৪টি বিষয়ের অধিকাংশ বিষয়েই দলগুলো একমত হয়েছে, যা রাজনৈতিক ঐকমত্যের ইঙ্গিত দেয়।
বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ৩১ জুলাই আনুষ্ঠানিক বৈঠক শেষে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বিশেষ করে অঙ্গীকারনামা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হয়েছে। এতে সাবেক বিচারপতি, আইনজীবী, আইনের শিক্ষক এবং অ্যাটর্নি জেনারেল মতামত দিয়েছেন।
তিনি আরও বলেন, কমিশন কোনো বিষয় চাপিয়ে দিতে চায় না। আজকের আলোচনার পর সব রাজনৈতিক দলের অবস্থান সরকারকে জানানো হবে এবং তা যত দ্রুত সম্ভব সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।
বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।