প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
সাতক্ষীরায় গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎহীন পুরো জেলা

সাতক্ষীরার প্রধান বিদ্যুৎ গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের পর আজ শনিবার সকাল থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে শহর ও গ্রামে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।
সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।’
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।’
অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ dailykalerbangladesh