
কুষ্টিয়া প্রতিনিধি │ কালের বাংলাদেশ
রাস্তা সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনে সংহতি জানিয়ে বাস ও ট্রাকচালকরাও অংশ নেন।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট”-এর ব্যানারে শিক্ষার্থীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ফোনে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
জেলা প্রশাসক আন্দোলনরত শিক্ষার্থীদের জানান,
“আগামী এক সপ্তাহের মধ্যেই সড়ক সংস্কারের কাজ শুরু হবে। সড়ক সংস্কারের টেন্ডার ২২ অক্টোবর পাস হওয়ার কথা রয়েছে।”
শিক্ষার্থীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত সড়কের অধিকাংশ অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও ঝুঁকিপূর্ণ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। সম্প্রতি এ সড়কে বেশ কয়েকজন শিক্ষার্থীর প্রাণহানি এবং একজন বাসচালক আহত হয়েছেন।
এর আগে একাধিকবার সড়ক সংস্কারের দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বলে অভিযোগ শিক্ষার্থীদের।
অবশেষে প্রশাসনের লিখিত ও মৌখিক আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।