
রাজধানীতে শনিবার (২৫ অক্টোবর) ছুটির দিনেও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। নিচে দিনের প্রধান কর্মসূচিগুলো তুলে ধরা হলো—
রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনের ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে সকাল থেকে চলছে জাতীয় সংলাপ— ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কার্গো ভিলেজ ও ই-গট এলাকা ঘুরে দেখে ডিএসও অফিসের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন।
বিএনপি আজ রাজধানীতে একাধিক কর্মসূচি পালন করছে।
বেলা সাড়ে ১১টায়, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় শিক্ষায় মূল্যবোধ পরিপন্থি সিদ্ধান্ত বাতিলের দাবি’ শীর্ষক সেমিনার। এতে প্রধান আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
একই সময়ে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
দুপুর ৩টায়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
বিকেলে মতিঝিলের শাপলা চত্বরে এই মিছিল অনুষ্ঠিত হবে। নেতৃত্ব দেবেন আমিরে মজলিস মামুনুল হক।