
বরগুনার আমতলীতে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। সেখানে সিএনজি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৭ মার্চ) দুপুরের দিকে আমতলী উপজেলার চৌরাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) ও উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে শনিবার দুপুরে রাহাত ফকিরের নেতৃত্বে একদল লোক মিল্টন মিয়ার ওপর হামলা চালায়। এতে মিল্টন মিয়া ও রাসেল আকন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধার করা অস্ত্রসহ সিএনজিটি জব্দ করে আমতলী থানায় নিয়ে যায়।