
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্স এআই-এর সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন কোম্পানি ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
বাবুশকিন লিখেছেন, “আজ এক্স এআই-তে আমার শেষ দিন। ইলনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল যেদিন, আমরা ঘণ্টার পর ঘণ্টা এআই নিয়ে কথা বলেছিলাম। আমরা মনে করেছিলাম, আলাদা মিশনের একটি নতুন এআই কোম্পানি প্রয়োজন।”
২০২৩ সালে ইলন মাস্কের সঙ্গে এক্স এআই প্রতিষ্ঠা করা বাবুশকিনের জন্য একটি বড় যাত্রা ছিল বলে তিনি উল্লেখ করেন। পদত্যাগের পর তিনি নিজের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ‘বাবুশকিন ভেঞ্চারস’ চালু করবেন। এই প্রতিষ্ঠান মূলত এআই নিরাপত্তা (AI Safety) গবেষণা ও মানবকল্যাণে কাজ করা স্টার্টআপে বিনিয়োগ করবে। এ উদ্যোগের অনুপ্রেরণা এসেছে ফিউচার অব লাইফ ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা ম্যাক্স টেগমার্কের সঙ্গে এক ডিনার বৈঠক থেকে।
বাবুশকিনের এই বিদায় এসেছে এক্স এআই-কে ঘিরে চলমান একাধিক বিতর্কের মধ্যেই। কোম্পানির এআই চ্যাটবট গ্রোক কখনও ইলন মাস্কের ব্যক্তিগত মতামতকে উত্তর হিসেবে দিচ্ছে, আবার কখনও বর্ণবাদী মন্তব্য করছে। সম্প্রতি গ্রোক এমন ফিচার চালু করেছে, যা জনসম্মুখের ব্যক্তিত্বদের খোলামেলা ভিডিও তৈরি করতে সক্ষম—এ নিয়েও সমালোচনা হচ্ছে।
এক্স এআই-তে যোগ দেওয়ার আগে বাবুশকিন গুগল ডিপমাইন্ডে কর্মরত ছিলেন, যেখানে ২০১৯ সালে আলোচিত আলফা স্টার এআই সিস্টেম তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ওপেনএআই-এও তিনি গবেষক হিসেবে কাজ করেছেন।
শেষবারের মতো স্মৃতি রোমন্থন করে বাবুশকিন বলেন, “আমি যেন এক গর্বিত অভিভাবক, সন্তানকে কলেজে দিয়ে আসার পর গাড়ি চালিয়ে ফিরে যাচ্ছি। ইলনের কাছ থেকে দুটি অমূল্য শিক্ষা পেয়েছি—প্রযুক্তিগত সমস্যায় নিজে ঝাঁপিয়ে পড়া এবং জরুরি ভাবে কাজ করা।”