
📍 কালের বাংলাদেশ
রবিবার, ১৭ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৭ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত (৬ ঘণ্টার) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। এর আগের দিন শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সোমবার (১৮ আগস্ট) নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচদিন পর্যন্ত বাড়তে পারে।