
📍 কালের বাংলাদেশ
রবিবার, ১৭ আগস্ট ২০২৫
বিনোদন প্রতিবেদক
সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এ তথ্য নিশ্চিত করেন।
সরকারি সফরে কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে জরুরি ভিত্তিতে সফর বাতিল করে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তিশা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
“ফারুকী কক্সবাজারে একটি সরকারি কর্মশালায় অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই এমনটি হয়েছে। আপাতত তিনি আশঙ্কামুক্ত আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চার দিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছান মোস্তফা সরয়ার ফারুকী। সফরের অংশ হিসেবে তার সংস্কৃতি হাব প্রকল্প এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে এসব কর্মসূচি বাতিল করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব গণমাধ্যমকে জানান,
“উনার (ফারুকী) অংশগ্রহণে বেশ কয়েকটি সাংস্কৃতিক কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেগুলো স্থগিত করা হয়েছে।”