ঢাকা | বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে টিস্যু বিক্রেতা হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দু’জনের যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিস্যু বিক্রেতা বেলাল হোসেন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের একজন আদালত উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড পাওয়া নাছির (৩৫) সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে। এছাড়া সিদ্ধিরগঞ্জের মোচাক এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে মো. মানিক মিয়া (৪১) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে মোহনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে মোহন আদালতে উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় একজনের ফাঁসি ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে একজন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন হোটেলে টিস্যু বিক্রি করতেন। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে পাওনা টাকা সংগ্রহকালে সানারপাড় এলাকায় দুষ্কৃতিকারীরা বেলাল হোসেনের ৬০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে দুষ্কৃতিকারীরা বেলালকে ছুরিকাঘাত করে পালয়ে যায়।  পরে আশপাশের লোকজন বেলালকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বেলালের ভগ্নিপতি মো. কাজী জাহিদ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।

মাদক মামলায় যুবকের ১০ বছরের সাজা

এদিকে মাদক মামলায় ফাহিম ইসলাম মোল্লা নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার খোকন মোল্লার ছেলে।  

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২৪ সালের ২৮ মার্চ বিকেলে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ফাহিমকে আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স