কালের বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শরতের সময় নানা ধরনের সবজি ও ফল দিয়ে আচার করা হয়। বিশেষ করে আমড়া, চালতা, তেঁতুলের আচার বেশি জনপ্রিয়। ভাত, খিচুড়ি বা রুটির সঙ্গে আচার খাওয়ার স্বাদ আরও বাড়িয়ে দেয়। তবে আচার ঠিকমতো সংরক্ষণ না করলে তা নষ্ট হয়ে যেতে পারে বা ফাঙ্গাস ধরে। সঠিক নিয়ম মেনে রাখলে আচার দীর্ঘদিন ভালো থাকে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা
আচার বানানোর সময় ব্যবহার করা বাসন, চামচ, হাত বা কাপড় সবই পরিষ্কার ও শুকনো হতে হবে। সামান্য পানি বা আর্দ্রতাও আচার নষ্ট করতে পারে।
কাঁচ বা সিরামিকের পাত্র
আচার সংরক্ষণের জন্য কাঁচ বা সিরামিকের পাত্র ব্যবহার করুন। প্লাস্টিকের জারে রাখলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়। জার ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে নিন।
তেল ও মসলা ব্যবহার
তেল প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। সরিষার তেল বা সূর্যমুখীর তেল আচারকে দীর্ঘস্থায়ী করে। মসলার মধ্যে লবণ, সরিষা, মেথি, শুকনা মরিচ আচার সংরক্ষণে সাহায্য করে। মসলাগুলো ভালোভাবে ভেজে ও শুকিয়ে ব্যবহার করুন।
রোদে দেওয়া
নতুন বানানো আচারের বোতল ৭–১০ দিন রোদে রাখুন। পরে মাঝেমধ্যে রোদে দিলে আচার আরও দীর্ঘদিন ভালো থাকে।
আর্দ্রতা থেকে দূরে রাখুন
আচার রাখার ঘর শুষ্ক ও ঠান্ডা হতে হবে। ফ্রিজেও আচার ভালো থাকে।
চামচ ব্যবহারে সতর্কতা
ভেজা বা ময়লা চামচ ব্যবহার করলে আচার দ্রুত নষ্ট হয়। সবসময় শুকনা ও পরিষ্কার চামচ ব্যবহার করুন। কারও হাতে পানি থাকলে আচার স্পর্শ করা উচিত নয়।
জার পূর্ণ রাখা
আচার রাখার পাত্র অর্ধেক ফাঁকা না রেখে প্রায় ভরে রাখা উচিত। এতে ভেতরে বাতাস কম প্রবেশ করে এবং আচার দীর্ঘদিন ভালো থাকে। প্রয়োজনে ছোট জারে ভাগ করে রাখা যায়।
পর্যাপ্ত তেলের আস্তরণ
আচারের প্রতিটি টুকরো তেলের মধ্যে পুরোপুরি ডুবে থাকুক। তেল কম হলে ফাঙ্গাস ধরার ঝুঁকি বেড়ে যায়। প্রয়োজনে অতিরিক্ত গরম তেল দিয়ে ঢেকে দিন।
নিয়মিত নজরদারি
আচার একবার বানিয়ে রাখলেই শেষ নয়। মাঝে মাঝে বোতল খুলে তেলের স্তর কমেছে কিনা বা ফাঙ্গাস ধরেছে কিনা দেখুন। সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।
সূত্র: টোয়াইস অ্যাজ টেস্টি, হিটক্রাম
daliykalerbangladesh