বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। সুপার ফোরের এক ম্যাচ হাতে রেখেই আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফলে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ফাইনালে।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা লড়াইয়ের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, তাদের দল শিরোপা জেতার মতো যোগ্যতা রাখে। গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারতের কাছে হেরে যাওয়ার পরও তিনি আত্মবিশ্বাসী। সালমান বলেন, “এ ধরনের ম্যাচ (বাংলাদেশের বিপক্ষে) জেতার অর্থ দলটা খুবই স্পেশাল। ব্যাটিংয়ে কিছু উন্নতি দরকার আছে। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা জানি, ফাইনালে কী করতে হবে, আমরা যে কাউকে হারানোর মতো দল।”
পাকিস্তানের কিউই কোচ মাইক হেসন শিষ্যদের শুধুই ফাইনালে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, পাকিস্তান এখনো নিখুঁত ম্যাচ খেলতে পারেনি, যা ফাইনালে খেলতে হবে। তিনি বলেন, “বড় ম্যাচে আবেগ থাকবে। তবে মনোযোগ কেবল ক্রিকেটে রাখো। আমরা ফাইনালে খেলার দাবিদার। এখন কেবল একটা ম্যাচের ফলই গণ্য হবে, সেটা ফাইনাল। দলের সবাই বিশ্বাস করে, তারা লড়াই করতে পারে।”
সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক শর্মা ও হারিস রউফের মধ্যে ঝাঁঝালো দৃষ্টি বিনিময়ের ঘটনা আলোচনায় আসে। ব্যাটে-বলের লড়াইয়ে সেদিন জয়ী হয়েছিলেন অভিষেক। ফাইনালের আগে এক পাকিস্তানি ভক্ত রউফকে উদ্দেশ করে বলেছেন, “রউফ, এবার ওকে ছেড়ে দিও না।”
daliykalerbangladesh