ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষকের হুমকির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দানের পর, ৩য় শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করার হুমকি এবং অভিভাবককে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়রার বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজকে বিষয়টি জানান অভিভাবকরা। এসময় ইউএনও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

একাধিক অভিভাবক জানান, গত ৭ অক্টোবর তারা সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে অভিযোগের মাত্র কয়েকদিনের মধ্যে, ১২ অক্টোবর রবিবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়রা তার মোবাইল নম্বর (০১৭৬৩৪৫৯২৯৭) থেকে একটি ৩য় শ্রেণির শিক্ষার্থীর অভিভাবককে হুমকি দেন। তিনি বলেন, “আমি অফিস থেকে বলছি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন অভিযোগ দিয়েছেন। কত পারেন আমার বিরুদ্ধে অভিযোগ দিন।”

হুমায়রা শুধু অভিভাবককে হুমকি দেননি, বরং ৩য় শ্রেণির শিক্ষার্থীদেরকেও ভয় দেখান। শিক্ষার্থীদের বলেন, “যদি তোমরা কোন শিক্ষকের বিরুদ্ধে সাক্ষী দাও, তাহলে তোমাদের সবাইকে পরীক্ষায় ফেল করে দেব। তোদের কার বাবার নাম রাজিব হাসান, আমি রাজিব হাসানকে খুঁজে বের করে অবস্থা খারাপ করে দেব।” এই হুমকির কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। পরে অভিভাবক তাদের বোঝাই দিয়ে স্কুলে পাঠান।

সরকারি শিক্ষকের এমন আচরণে অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স