ঢাকা | বঙ্গাব্দ

রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রংপুর সংবাদ:

রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানার ভেতরে শিশু পার্কের অস্থায়ী বিনোদন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানা পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহত শিশুর নাম ও পরিবারের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর শিশুর বাবা মরদেহ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. ওমর আলী বলেন, “নিহত শিশুটি লালমনিরহাট জেলা থেকে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে নাম-পরিচয় পাওয়া যায়নি।”

প্রত্যক্ষদর্শী ও চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে কয়েকজন শিশু মিনি ট্রেনে চড়ছিল। হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে এক শিশু নিচে পড়ে ট্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে শিশুর স্বজনরা মরদেহ নিয়ে চলে যাওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি।”

রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুর মৃত্যুর ঘটনাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স