স্পোর্টস ডেস্ক │ ২৭ অক্টোবর ২০২৫:
এল ক্লাসিকো মানেই মাঠে উত্তেজনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর খানিকটা শরীরি লড়াই। লিওনেল মেসি–ক্রিশ্চিয়ানো রোনালদো যুগের পর এবার সেই আবহ ফিরে এসেছে লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপে প্রজন্মে। শনিবার রাতে লা লিগার সেই বহুল প্রতীক্ষিত দ্বৈরথে মাঠে যেমন উত্তেজনা ছিল, তেমনি ম্যাচ শেষে দেখা গেল মুখোমুখি সংঘাতও।
বার্সেলোনার বিপক্ষে টানা চার ম্যাচে হারের পর অবশেষে জয় পেল রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপের গোলে ২–১ ব্যবধানে জয় তুলে নেয় জাবি আলোনসোর শিষ্যরা। তবে ম্যাচের শেষ বাঁশির পরই দুই দলের ফুটবলারদের মধ্যে দেখা যায় উত্তপ্ত পরিস্থিতি। বিশেষ করে ইয়ামালকে ঘিরেই ক্ষোভ প্রকাশ করেন রিয়ালের খেলোয়াড়রা।
বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক লাল কার্ডজনিত নিষেধাজ্ঞায় না থাকায় ম্যাচে দায়িত্ব পালন করেন সহকারী কোচ মার্কাস সর্গ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“ইয়ামালের জন্য এটি খুব কঠিন একটি দিন ছিল। সে শুধু দর্শকদের বিদ্রূপের শিকার হয়নি, রিয়ালের খেলোয়াড়দের আচরণও ছিল প্রশ্নবিদ্ধ।”
তবে উত্তেজনার সূত্রপাত হয়েছিল ম্যাচের আগেই। এক লাইভ স্ট্রিমে ইয়ামাল বলেছিলেন, “রিয়াল চুরি করে, তারপর অভিযোগও করে।”
এই মন্তব্যে ক্ষোভে ফুঁসে ওঠে রিয়াল শিবির। ম্যাচ শেষে রাইট ব্যাক দানি কারবাহাল, গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়রকে ইয়ামালের দিকে তেড়ে যেতে দেখা যায়।
মাঠেও গত মৌসুমের মতো ঝলক দেখাতে পারেননি ১৮ বছর বয়সী এই বার্সা উইঙ্গার। রিয়ালের রক্ষণে আটকে যান একাধিকবার, তৈরি করতে পারেননি উল্লেখযোগ্য গোলের সুযোগও।
সর্গ মনে করেন, বার্নাব্যুর উত্তেজনাপূর্ণ পরিবেশ ইয়ামালের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে—
“হয়তো কিছুটা প্রভাব পড়েছে। সে এখনো শিখছে কিভাবে দর্শকের আওয়াজ, শ্লেষ ও চাপ সামলাতে হয়। আজকের দিনটা তার জন্য কঠিন ছিল, কিন্তু সে শেখার পর্যায়ে আছে।”
তরুণ উইঙ্গারের পাশে দাঁড়িয়ে বার্সা কোচ আরও বলেন,
“ইয়ামাল ইনজুরি থেকে ফিরেছে, ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। ওর বয়স মাত্র ১৮, তাই সময় দিতে হবে, সহায়তা করতে হবে—আমরা সবাই সেটাই করব।”
daliykalerbangladesh