বিনোদন ডেস্ক │ ২৭ অক্টোবর ২০২৫:
বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করে বিতর্কে জড়ালেন বলিউড সুপারস্টার সালমান খান। বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের তীব্র প্রতিক্রিয়ার জেরে এবার তাকে দেশটির সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ‘সিডিউল–৪’ তালিকাভুক্ত করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম মিড-ডে জানিয়েছে, পাকিস্তানের এই তালিকাটি মূলত একটি ‘ব্ল্যাকলিস্ট’, যেখানে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত বা সন্দেহভাজন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এখন সেই তালিকায় নাম উঠেছে সালমান খানের।
বিতর্কের সূত্রপাত সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ। সেখানে শাহরুখ খান ও আমির খানের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন সালমান খান। আলোচনার একপর্যায়ে তিনি বলেন—
“এখন যদি এখানে কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে। কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন—বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান থেকেও অনেকে আছেন।”
এই বক্তব্যেই ক্ষুব্ধ হয় পাকিস্তানের একাংশ। কারণ, সালমান খান বেলুচিস্তানকে পাকিস্তানের বাইরে স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করেছেন বলে তারা দাবি করছে।
তবে ভারতীয় নেটিজেনদের অনেকেই বলছেন, সালমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আসলে অঞ্চলভিত্তিক শ্রমিকদের উৎস বোঝাতে বেলুচিস্তানের নাম উল্লেখ করেছিলেন, রাজনৈতিকভাবে নয়।
এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি সালমান খান বা তার পরিবার। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিতর্ক থিতিয়ে না যাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না এ সুপারস্টার।
daliykalerbangladesh