দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আগামী দুই দিন দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,
বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়, আর ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
পরবর্তী দিনগুলোতে—
-
বৃহস্পতিবার থেকে শুক্রবার: রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে অধিকাংশ জায়গায় এবং খুলনা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশালে অনেক স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে।
-
শুক্রবার থেকে শনিবার: রংপুর ও ময়মনসিংহে বেশি বৃষ্টি, অন্য বিভাগগুলোতে ছিটেফোঁটা বৃষ্টি। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
-
শনিবার থেকে রবিবার: রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
-
রবিবার থেকে সোমবার: ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্য বিভাগগুলোতেও কিছু কিছু স্থানে বৃষ্টি হবে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সময়ের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে, তবে সামগ্রিকভাবে সারা দেশেই আর্দ্র আবহাওয়া বিরাজ করবে।
এদিকে, প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে ধীরে ধীরে বিলীন হচ্ছে, তবে এর প্রভাবে বাংলাদেশের আকাশে বৃষ্টির প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
daliykalerbangladesh