ঢাকা | বঙ্গাব্দ

সরকারি ভবনে গ্রিন বিল্ডিং বাধ্যতামূলক করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারি ভবনগুলোতে ‘গ্রিন বিল্ডিং’ বাধ্যতামূলক করা জরুরি। সরকারি স্থাপনাগুলোতে মানদণ্ড নিশ্চিত করা গেলে বেসরকারি খাতও তা অনুসরণ করবে বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘গ্রিন বিল্ডিং বিষয়ক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “পরিবেশবান্ধব ভবন নির্মাণ এখন সময়ের দাবি। শুধুমাত্র ভবনের রঙ বা সার্টিফিকেশন দিলেই গ্রিন বিল্ডিং হবে না; বরং পরিকল্পনা, নকশা, নির্মাণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ—সব ধাপে পরিবেশবান্ধব ধারণা ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

তিনি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণ, প্রাকৃতিক আলো ও বায়ুপ্রবাহ ব্যবহারের নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, “ঢাকার খাল-নদী রক্ষা, বর্জ্য ও শব্দ দূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নগর পরিবেশের উন্নয়নে সাসটেইনেবল বিল্ডিং অপরিহার্য।

তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি ‘গ্রিন বিল্ডিং কাউন্সিল’ গঠনের প্রস্তাব দেন।

এই কাউন্সিল গ্রিন বিল্ডিংয়ের মানদণ্ড নির্ধারণ, আইন হালনাগাদ এবং বাস্তবায়ন তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত, এইচবিআরআই-এর প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. নাফিজুর রহমান, স্থপতি রফিক আজমসহ প্রকৌশলী, স্থপতি, গবেষক ও নীতিনির্ধারকরা।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স