১৯৫০-এর দশকে ক্যালিফোর্নিয়ার প্যালোমার মানমন্দিরে আকাশ পর্যবেক্ষণের সময় তোলা কিছু ছবিতে দেখা গিয়েছিল রহস্যময় আলোর ঝলক। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এ আলো নিয়ে বিভ্রান্ত থাকলেও, সাম্প্রতিক এক গবেষণায় ধারণা করা হচ্ছে—এই আলোগুলোর সঙ্গে ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) দেখার ঘটনার যোগসূত্র থাকতে পারে।
এই ছবি তোলা হয়েছিল ১৯৪৯ থেকে ১৯৫৮ সালের মধ্যে, প্যালোমার স্কাই সার্ভে প্রকল্পের সময়, যা ছিল উত্তর আকাশের মানচিত্র তৈরির এক বিশাল উদ্যোগ। গবেষকেরা এক লাখেরও বেশি পুরনো ছবির বিশ্লেষণে দেখেছেন, রহস্যময় আলোর ঝলকগুলোর অধিকাংশই ঘটেছিল পৃথিবীর পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরদিন।
সায়েন্টিফিক রিপোর্টস এবং অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব দ্য প্যাসিফিক–এর জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় বলা হয়েছে, এসব ঝলক সম্ভবত পৃথিবীর উচ্চ কক্ষপথে থাকা প্রতিফলিত বস্তুর কারণে ঘটেছিল। বিজ্ঞানীদের ধারণা, ওই বস্তুগুলো সূর্যের আলো প্রতিফলিত করে এমনভাবে উজ্জ্বল হয় যে, তা অনেক সময় ইউএফও দেখার ঘটনার সঙ্গে মিলে যায়।
গবেষণার প্রধান লেখক বিত্রিস ভিলারোয়েল ও স্টিফেন ব্রুহল জানান, তাদের বিশ্লেষণে দেখা গেছে, পারমাণবিক পরীক্ষার একদিন পর আলোর ঝলক ঘটার সম্ভাবনা প্রায় ৬৮ শতাংশ বেশি। তারা আরও বলেন, প্রতিটি ইউএফও দেখার ঘটনার সঙ্গে গড়ে ৮.৫ শতাংশ বেশি আলোর উপস্থিতি দেখা গেছে।
ব্রুহল মন্তব্য করেন, “আলো ও পারমাণবিক পরীক্ষার এই সময়িক সম্পর্ক সত্যিই বিস্ময়কর। এটি এমন কিছুর ইঙ্গিত হতে পারে, যার প্রকৃতি আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি।”
বিজ্ঞানীদের মতে, এসব আলোর ঝলক সম্ভবত পৃথিবীর উচ্চ কক্ষপথে থাকা উচ্চ প্রতিফলিত ধাতব বস্তুর কারণে সৃষ্টি হয়েছিল। তবে ছবিগুলো তোলা হয়েছিল এমন সময়ে, যখন পৃথিবীর কক্ষপথে কোনো উপগ্রহ বা মহাকাশযান ছিল না—যা রহস্য আরও বাড়িয়ে দেয়।
গবেষকেরা মনে করছেন, এটি হয়তো পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট কোনো অজানা বায়ুমণ্ডলীয় ঘটনা, অথবা মানবসৃষ্ট কোনো বস্তুর প্রতিফলন হতে পারে। অন্যদিকে, কিছু বিশেষজ্ঞের মতে, ছবির পুরনো ফটোগ্রাফিক প্লেটে থাকা আলোর দাগ হয়তো কেবল উপকরণের ত্রুটি বা দূষণের ফল।
গবেষণায় বলা হয়, এই ফলাফল ইউএফও রহস্য এবং পারমাণবিক পরীক্ষার প্রভাব বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিজ্ঞানীরা এখন আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গভীর গবেষণার আহ্বান জানিয়েছেন, যা হয়তো একদিন এই অজানা আলোর প্রকৃত উৎস উন্মোচন করতে পারবে।
daliykalerbangladesh