হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, পরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরবর্তীতে বেলা ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাক্তার উজ্জ্বল হোসাইন, শহীদ বুদ্ধিজীবী আবু হেনা শামসুজ্জুহার কন্যা সুরাইয়া বেগম, তাঁর জামাতা জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রশিদ উদ্দিন, সাবেক শিক্ষক এবিএম সিদ্দিক চঞ্চল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)-এর উপজেলা প্রধান সমন্বয়কারী সাংবাদিক জাকির হোসেন, লেখক মিজানুর রহমান মামুন, সাংবাদিক মিজানুর রহমান মিজান, জুলাই যোদ্ধা আল আমিন ভুইয়া, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি কারিমুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।
daliykalerbangladesh