নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ সফরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড।
রোববার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে এফগ্রেডের সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে বৈঠকে বসে বিসিবির প্রতিনিধি দল। এফগ্রেড আইসিসির দুর্নীতি দমন বিভাগ ও নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিবির সঙ্গে বৈঠক শেষে তিনি সরকারের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসবেন বলে জানা গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
আইসিসি সূত্র জানায়, বাংলাদেশ দলের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে দুইজন প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা ছিল সংস্থাটির। তবে ভিসা জটিলতার কারণে একজন প্রতিনিধি বাংলাদেশে আসতে পারেননি। আইসিসির এক ভারতীয় কর্মকর্তাকে বাংলাদেশ ভিসা দেয়নি বলেও জানা গেছে।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমন প্রেক্ষাপটে বিসিবি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। সরকারের উচ্চ পর্যায় থেকেও জানানো হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশের পক্ষ থেকে বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আইসিসি চায়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হোক। সংস্থাটির দাবি, বিশ্বকাপের সব ধরনের লজিস্টিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, এ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।
মূলত এই অচলাবস্থা নিরসন ও দুই পক্ষের অবস্থান কাছাকাছি আনতেই আইসিসির প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড বাংলাদেশ সফরে এসেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
daliykalerbangladesh