ঢাকা | বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন ইউনিট, উৎপাদন শূন্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র থেকে বর্তমানে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এর আগে গত বছরের ১ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ রয়েছে। এছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকেই অচল অবস্থায় রয়েছে।

কেন্দ্র সূত্র জানায়, প্রথম ইউনিটটি গত ৩০ ডিসেম্বর বন্ধ হওয়ার পর দীর্ঘ মেরামত শেষে ১৪ জানুয়ারি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছিল। তবে মাত্র চার দিনের ব্যবধানে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে কেন্দ্রের তিনটি ইউনিটেরই উৎপাদন কার্যক্রম স্থগিত রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বককর সিদ্দিক জানান, প্রথম ইউনিটের বয়লারের পুরো টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি সম্পূর্ণ ঠান্ডা হলে মেরামত কাজ শুরু করা হবে। তিনি বলেন, প্রথম ইউনিটটি অনেক পুরোনো হওয়ায় প্রতি পাঁচ বছর পরপর বড় ধরনের মেরামতের প্রয়োজন পড়ে।

তিনি আরও জানান, ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন বড়পুকুরিয়া কয়লা খনির কয়লার ওপর নির্ভরশীল। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে পরিচালিত ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটির যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলমান রয়েছে। চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এসে পৌঁছালে ওই ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। সবকিছু অনুকূলে থাকলে আগামী মার্চ মাসে উৎপাদনে ফেরার আশা করা হচ্ছে।

অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটির ক্ষেত্রে যন্ত্রাংশের দাম বৃদ্ধি দেখিয়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে ইউনিটটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স