ঢাকা | বঙ্গাব্দ

ঢাবিতে ‘নারী শিক্ষার্থী দিবস’ ও ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালনের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতি বছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন। এই দুটি দিবসই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী প্রতিরোধের ঐতিহাসিক অবদানের স্মরণে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালনের কথা জানান।


তিনি অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, এই ছাত্র-জনতার অভ্যুত্থান একটি নতুন সুযোগ তৈরি করেছে।

এই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
উপাচার্য অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধ থেকে দেশের অগ্রযাত্রায় কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেন এবং আন্দোলনের দিনের মতো হল থেকে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স