স্মার্টফোনকে আরও আধুনিক ও পাতলা অবয়ব দিতে এসডি কার্ডের স্লট সরিয়ে ফেলতে যাচ্ছে বেশ কয়েকটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। নির্মাতাদের দাবি, এই সিদ্ধান্ত মূলত গ্রাহকের সুবিধা ও ডিভাইসের কর্মক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের মতে, এর পেছনে লুকিয়ে রয়েছে ডিভাইসের দাম বাড়ানোর কৌশল।
নির্মাতারা বলছেন, বর্তমানে ফোনে থাকা ইন্টারনাল স্টোরেজ ড্রাইভগুলোর গতি আগের তুলনায় অনেক বেশি। কিন্তু এসডি কার্ড ব্যবহারের কারণে ডিভাইসের গতি কমে যায়, ফলে ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। তাছাড়া, এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহার অনেক সময় ডিভাইসের ক্ষতি করে, এবং হঠাৎ কার্ড খুলে ফেললে কিছু অ্যাপ্লিকেশন নিষ্ক্রিয় হয়ে যায়। এসব সমস্যা এড়াতেই এসডি কার্ড স্লট বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে গ্যাজেট গবেষকদের দাবি, বিষয়টি কেবল প্রযুক্তিগত নয়; বরং এটি একটি ব্যবসায়িক কৌশল। এসডি কার্ড না থাকলে গ্রাহককে বাধ্য হয়ে বেশি স্টোরেজযুক্ত ফোন কিনতে হবে—যেমন ৬৪ জিবির পরিবর্তে ১২৮ বা ২৫৬ জিবি মডেল। আর স্টোরেজ যত বেশি, ডিভাইসের দামও তত বাড়বে। প্রতি জিবির জন্য ঠিক কত বেশি দাম নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
এছাড়া, এসডি কার্ড বাদ দেওয়ার ফলে তথ্য সুরক্ষার জন্য অনেক গ্রাহককে ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে হবে, যা মাসিক ভাড়ায় নিতে হবে। এতে ব্যবহারকারীদের অতিরিক্ত খরচের বোঝা বাড়বে।
daliykalerbangladesh