জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরার একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি ও একই এলাকায় অন্য দু’জনকে হত্যা মামলায় অভিযোগ (চার্জ) গঠনের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ প্রার্থনা করেন। অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন ও গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন অভিযোগ থেকে আসামির অব্যাহতি প্রার্থনা করেন।
এই মামলায় পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৪ আসামি হলেন- ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া।
গ্রেপ্তার হওয়া এক আসামি হলেন- রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
daliykalerbangladesh