চাঁদপুরে ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপনের অংশ হিসেবে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘তরুণদের স্মৃতি ধারণ করে আমরা গত আগস্ট মাস থেকে ‘তারুণ্যের উৎসব’-এর আয়োজন করছি। আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। ছেলে-মেয়েদের মন ভালো রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, জেলায় খেলাধুলা চালিয়ে যেতে ক্লাবগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনেক ক্লাব আছে যারা ভাড়া নিয়েছে, কিন্তু কোনো কার্যক্রম নেই। ক্লাবগুলো ঝিমিয়ে পড়েছে। তাদের দায়িত্বের কথা আমাদের মনে করিয়ে দিতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, যেকোনো খেলার প্রাণ হলো দর্শক। দর্শক টানতে না পারলে আমাদের ক্রীড়াঙ্গন সচল হবে না। আমরা চাই আমাদের সুইমিংপুল শুধু সাঁতার শেখার জন্য নয়, এখান থেকে যেন সেরা সাঁতারুও বেরিয়ে আসে।
তিনি জানান, জেলা প্রশাসনের অনেক পরিকল্পনা রয়েছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কারণ, প্রশাসন একা কোনো কাজ করতে পারে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের সেক্রেটারি ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা।
জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ আরো অনেকে।
daliykalerbangladesh