ঢাকা | বঙ্গাব্দ

পূর্ব সুন্দরবনে সমুদ্রে ডুবে নিখোঁজ পর্যটক, উদ্ধার অভিযান চলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক । শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বাড়ী রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশী চালাচ্ছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ ”এমভি দি এক্সপ্লোরার” শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে নোঙ্গর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকষ্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ ষ্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষনিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, সরাসরি ঢাকা থেকে আসা পর্যটকবাহী জাহাজটি শুক্রবার বিকেল ৪টার দিকে শরণখোলা স্টেশন ঘাটে পৌঁছায়। জাহাজে ৭৫ জন সদস্য ছিলেন। তারা স্টেশন থেকে পাস নিয়ে কটকার উদ্দেশে রওনা হন। তারা কচিখালীতে রাত্রিযাপন করেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা ডিমের চরে নেমে সবাই যে যার মতো আনন্দ উপভোগ করছিলেন। এদের মধ্য থেকে একটি ছেলে স্রোতে ভেসে যায়।

এসিএফ রানা দেব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কচিখালী কন্টিনজেন্টের কোস্ট গার্ড এবং অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা ঘটনাস্থলে পৌছে প্রাথমিক উদ্ধার কার্যক্রম শুরু করেন। ঘটনাস্থলে জাল ফেলে ঘিরে রাখা হয়েছে। এ ছাড়া সুন্দরবনে সব স্টেশন ও জেলেদের কিশোর নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, ডিমেরচরে সমুদ্রে নিখোজ পর্যটককে উদ্ধারে স্পীডবোট নিয়ে বনরক্ষীরা তল্লাশী চালাচ্ছেন এবং এ বিষয়ে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স