কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওবাইদ ইসলাম হামিম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শিশুটি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কেজি স্কুল পাড়ার নাভিদ ইসলাম হিমেলের ছেলে এবং সে ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু হামিম গত বৃহস্পতিবার উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটায় তার নানার বাড়িতে যায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাইকেল চালিয়ে সড়ককাটা বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটো তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হামিমকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হামিম মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এই ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। তিনি আরও বলেন, খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
daliykalerbangladesh