নুরাল পাগলার দরবার-বাড়িতে ভাঙচুর ও লাশ পোড়ানোর ঘটনায় গোয়ালন্দ থানার ওসির পর এবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে, সেদিন অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন তিনি।
তবে তাকে বদলি করা হলেও এখনো নতুন করে কাউকে ইউএনও পদে দায়িত্ব দেওয়া হয়নি।
এর আগে গত শুক্রবার এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি বদলি করা হয়েছে।
একই সঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. নাহিদুর রহমান ইউএনও হিসেবে গোয়ালন্দ উপজেলায় যোগদান করেছিলেন।
গত ৫ সেপ্টেম্বর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এতে নিহত হন নুরাল পাগলার এক ভক্ত। এ সময় অভিনব কায়দায় কাবাঘরের আদলে করা ১২ ফুট উঁচু কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়।
daliykalerbangladesh