বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১নং খেয়াঘাট এলাকায় বার্তীংয়ের নামে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি বন্ধ করে দিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা। স্থানীয়দের দাবিতে চাঁদাবাজি বন্ধের এই উদ্যোগে প্রশংসায় ভাসছেন তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবুল কাউছার আশার নির্দেশে তাঁর অনুসারীরা বার্তীং চাঁদা আদায়ের স্থান দখলে নিয়ে কার্যক্রম বন্ধ করে দেন। এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
জানা যায়, বিএনপি নেতা মোস্তাক এক মাস ধরে বার্তীংয়ের নামে খেয়াঘাটে নৌকার যাত্রী ও মালবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন। যদিও এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও কেউ বার্তীংয়ের নামে চাঁদাবাজি করতে পারেনি। অথচ বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের নীরবতা চাঁদাবাজদের উৎসাহিত করেছে। এই অবস্থায় আবুল কাউছার আশার হস্তক্ষেপে জনদুর্ভোগ কমেছে।
এ বিষয়ে আবুল কাউছার আশা বলেন,
“বন্দরবাসী সবসময় অবহেলিত। অতীতে এখানে অতিরিক্ত টোল বসানো, সেল্টার ঘাটে হয়রানি, এমনকি সংসদীয় আসন সোনারগাঁওয়ের সঙ্গে যুক্ত করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বন্দরবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করায় সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। আমি সবসময় বন্দরবাসীর পাশে থাকব এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব।”
daliykalerbangladesh