এশিয়া কাপের শিরোপা জেতায় ভারতের পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে তুলনা করেছেন অপারেশন সিঁদুরের সঙ্গে। তবে এমন তুলনার মাধ্যমে ক্রিকেটের রাজনীতিকরণের অভিযোগ তুলে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
মহসিন নকভি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। গত মে মাসে কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতের অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।
রোববার রাতে ভারতের জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লিখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একইরকম। ভারতের বিজয়।’ নরেন্দ্র মোদির এমন বার্তার জবাবে মহসিন নকভিও এক্সে লিখেছেন, ‘খেলার সঙ্গে যুদ্ধকে মেশানোটা অসহায়ত্বকে প্রকাশ করে। কলঙ্কিত করে খেলার আসল চেতনাকে।’
নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে নকভি আরও লিখেছেন, ‘যুদ্ধই যদি আপনাদের গৌরবের মাপকাঠি হয়, তবে ইতিহাসের দিকে তাকান। সেখানে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয়ের রেকর্ড আছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে নতুন করে লিখতে পারবে না।’
পাকিস্তানি গণমাধ্যম ডনের মতে, এমন কথার মাধ্যমে নকভি মূলত গত মে মাসের সংঘাতে পাকিস্তানের সাফল্যের প্রতি ইঙ্গিত করেছেন।
আসর শেষে দুই দেশের রাজনীতিবিদরা ক্রিকেটের সঙ্গে ‘যুদ্ধের’ প্রসঙ্গ আনলেও, খেলার মাঠে এর শুরুটা করেছিলেন ক্রিকেটাররাই। এশিয়া কাপের এক ম্যাচে অর্ধশতক হাঁকানোর পর ব্যাট তাক করে উদযাপন করেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। ভারতীয় গণমাধ্যমগুলো এই ভঙ্গিকে ‘একে-৪৭’ অস্ত্র দেখানোর সঙ্গে তুলনা করে।
পাকিস্তানি পেসার হারিস রউফও মাঠে হাত দিয়ে প্লেন ভূপাতিত করার ভঙ্গি দেখান। রোববার ফাইনালে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাও একই ভঙ্গি করে রউফকে জবাব দেন। এ ছাড়া গ্রুপপর্বের ম্যাচে হাত না মেলানো নিয়েও বিতর্ক হয়। ফাইনালে উত্তেজনার অংশ হিসেবে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা।
daliykalerbangladesh