ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শিবচরের দুই ছাত্রদল নেতা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গতকাল সোমবার রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকচাপায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও মুজিবুল হক দুর্জয় (৩২)।

জানা যায়, ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দুর্জয় সোমবার সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্য ঢাকা যান। মোটরসাইকেল মেরামত করে মোটরসাইকেলযোগে তারা শিবচর ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিন কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছলে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। নিহতদের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানিয়েছেন, নিহত দুই যুবক তার বন্ধু। তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। নিহত রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে সম্পন্ন হয়েছে এবং মুজিবুল হক দুর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হবে।

সড়ক দুর্ঘটনায় দুই নেতার মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স