পাবনার সাঁথিয়ায় স্কুল ও কলেজের শিক্ষকদের অংশগ্রহণে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানাতে মঙ্গলবার দুপুর ১২টায় সাঁথিয়া উপজেলা গেটের সামনে শিক্ষকেরা মানব বন্ধনে অংশ নেন।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই এবং পরিচালনা করেন দাড়ামুদা স্কুল এন্ড কলেজের শিক্ষক নাছির উদ্দিন। এতে বক্তব্য রাখেন সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনসুর আলী, জোড়গাছা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান, সহকারী অধ্যাপক আশরাফ আলী, দৌলতপুর ইমাম হোসাইন একাডেমির শিক্ষক আনসার আলী, দাড়ামুদা স্কুল এন্ড কলেজের শিক্ষক ইউনুস আলী প্রমুখ।

শিক্ষকরা তাদের বক্তব্যে জানান, সরকারের ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন বাতিল করে দ্রুত ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের ৭৫ শতাংশ হারে উৎসব বোনাস প্রদানের আহ্বান জানান। এছাড়াও তারা উল্লেখ করেন, কেন্দ্রীয় ঘোষিত শিক্ষকদের দাবি আদায়ের যে কোনো কর্মসূচিতে সাঁথিয়ার শিক্ষকরা অংশগ্রহণ করবেন।
শিক্ষকরা মানব বন্ধনের মাধ্যমে সরকারের কাছে তাদের যৌক্তিক দাবি পৌঁছে দেওয়ার পাশাপাশি, পুলিশের মাধ্যমে চলমান নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন। তারা আশ্বাস দেন, তাদের আন্দোলন শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত অব্যাহত থাকবে।
এম এ হাই, সাঁথিয়া, পাবনা
daliykalerbangladesh