ঢাকা | বঙ্গাব্দ

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
স্টাফ রিপোর্টার | ঢাকা | ২৬ অক্টোবর ২০২৫

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের উড়ালপথ থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টং দোকানের সামনে বসে এক ব্যক্তি চা পান করছিলেন। হঠাৎ মেট্রোরেলের উড়ালপথের পিলারের ওপর থেকে প্রায় ১৫০ কেজি ওজনের বিয়ারিং প্যাড ছিটকে এসে তার মাথায় পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এমন ভয়াবহ শব্দে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “একজন পথচারী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।”

মেট্রোরেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ঘটনার পরপরই ওই অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর একই এলাকায় আরেকটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলেও সেদিন ভাগ্যক্রমে কেউ আহত হননি। বারবার এমন ঘটনা ঘটায় মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নগরবাসীর প্রশ্ন— “প্রতিদিন হাজারো মানুষ এই পথে চলাচল করেন, তাদের নিরাপত্তা কোথায়?”
একজনের মৃত্যু হয়তো বড় খবর নয়, কিন্তু সেই একজনের না ফেরার দেশে চলে যাওয়া একটি পরিবারকে শূন্য করে দেয়।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স