তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি ও কৃষকদের দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। তিনি বলেন, “কৃষি ও কৃষকরাই আমাদের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।”
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে পহেলা বৈশাখ ও নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন উদ্দীপনায় দেশ গড়ার প্রত্যয়
পহেলা বৈশাখ উপলক্ষে সাংবাদিক সমাজ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তারেক রহমান এর নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার নতুন উদ্দীপনায় দেশ গড়ার কাজ শুরু করেছে।
বাংলা সন ও কৃষির ঐতিহ্য
তথ্যমন্ত্রী বলেন, মোগল সম্রাটরা কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করেন। সেই ঐতিহ্যকে ধারণ করে সরকার এ বছর পহেলা বৈশাখকে ‘কৃষক কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন হিসেবে বেছে নিয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। দেশের অর্থনীতি পুনর্গঠনই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ—এই স্লোগান নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”
গণতান্ত্রিক পরিবেশের প্রতিফলন
সারাদেশে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনকে গণতান্ত্রিক চর্চার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “দেশে এখন একটি মুক্ত ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা উন্নয়নের জন্য সহায়ক।”
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
daliykalerbangladesh