ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে শক্তি বাড়াচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে উপকূলজুড়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর পুনঃ এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আগের দিনের মতোই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


🔔 সতর্কতা:
উপকূলীয় অঞ্চলের বাসিন্দা, জেলে এবং নৌযান মালিকদের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেটের প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স